
কুষ্টিয়া, ২ আগস্ট ২০২৬:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া বাজারে চুল কাটাতে গিয়ে পলাশ (২৭) নামে এক যুবক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত পলাশ ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের রকি মণ্ডলের ছেলে।
পরিবারের দাবি, এলাকার পরিবেশ ভালো না থাকায় পলাশ তেমন বাইরে বের হতেন না। শনিবার বিকেলে চুল কাটার জন্য ঝাউদিয়া বাজারে গেলে মাছপাড়া এলাকার মজিদ মেম্বারের ছেলে সাগর, আইয়ুবের ছেলে ইকরাম এবং উদয়পুর এলাকার বুড়ো মণ্ডলের ছেলে সীমান্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, পলাশের দুলাভাই মিজানুর রহমান স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সামাজিক ও রাজনৈতিক বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। এছাড়া থানায় অভিযোগ দায়ের না করার জন্য মজিদ মেম্বারের পক্ষের লোকজন বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, মজিদ মেম্বারের বিরুদ্ধে অতীতে হত্যা ও অস্ত্র-সংক্রান্ত একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। সম্প্রতি তার কাছ থেকে অস্ত্র কিনতে এসে দুই ব্যক্তি আটক হওয়ার ঘটনাও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল বলে তারা জানান। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, “বিকেলে একজন যুবককে মারধরের ঘটনা শুনেছি। তবে তাকে কারা মারধর করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।