
কুষ্টিয়া, ১ আগস্ট ২০২৬:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে নুর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামের ওহাব মণ্ডলের ছেলে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে নুর ইসলামের সঙ্গে তার বড় ভাই কালাম মণ্ডলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কালাম মণ্ডল, জিতুসহ কয়েকজন নুর ইসলামের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্র দিয়ে মারধরের ফলে নুর ইসলাম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় কালাম মণ্ডল ও রুপম নামে আরও দুইজন আহত হন। তারা বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে জিতু নামে একজনকে আটক করেছে পুলিশ।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।