
নিজস্ব প্রতিবেদক:
“গাছ লাগান, আগামী প্রজন্মকে বাঁচান, পৃথিবীকে বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে পলিন ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়ার জিকে স্কুল (গঙ্গা-কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়) সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভার অর্থায়নে এবং পলিন ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সহ-সভাপতি রিপন হোসেন, গঙ্গা-কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সাবেক সহকারী শিক্ষক জাকারিয়া, নুরুল ইসলাম, সাইফুল আলম মিলন, মানস কুমার সাহা, সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় পলিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন বলেন, “পলিন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, নারীদের কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে বৃক্ষরোপণের ওপর ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং বৃক্ষরোপণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের বাড়ির আঙিনা ও আশপাশের খালি জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে।”
তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বরফ গলে যাওয়া এবং অনিয়মিত বৃষ্টিপাতের মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। এর ফলে খরা, বন্যা, জীববৈচিত্র্যের ক্ষতি এবং মানবস্বাস্থ্যের ওপর মারাত্মক হুমকি তৈরি হচ্ছে। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় রোধ, বৃষ্টিপাতের স্বাভাবিকতা বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারি। গাছ বাঁচলে প্রকৃতি সুস্থ থাকবে, মানুষ ভালো থাকবে, ভালো থাকবে আমাদের পৃথিবী।”