
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদ:
কুষ্টিয়ার দৌলতপুরে আল্লাহ দরগায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) কারখানায় দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ এবং ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি বিএটিবির অধীনে স্থায়ী নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের শ্রমিকরা।সোমবার (১৭ আগস্ট) দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বিএটিবির অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।শ্রমিকদের প্রধান দাবি হলো—দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ এবং ঠিকাদারি ব্যবস্থা বাতিল করে সরাসরি বিএটিবির অধীনে স্থায়ী নিয়োগ নিশ্চিত করা। আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে একই ধরনের স্থায়ী কাজে নিয়োজিত থাকলেও অনেক শ্রমিক এখনো ঠিকাদারি ব্যবস্থার আওতায় কর্মরত রয়েছেন। ফলে তারা চাকরির নিরাপত্তা ও শ্রমিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনরত শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের প্রধান স্লোগান—‘স্থায়ী কাজের জন্য স্থায়ী কর্মসংস্থান চাই।’আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে বিএটিবির স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। তাদের মতে, চাকরির নিরাপত্তা নিশ্চিত হলে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা, নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার আরও সুসংহত হবে।