
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু পার্কে বিনামূল্যে প্রবেশ এবং কর্মজীবী মানুষের জন্য সন্ধ্যাকালীন সাঁতারের ব্যবস্থা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে পৌরসভার প্রশাসক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর নিকট এ স্মারকলিপি দেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন এর সহ-সভাপতি শাহাবউদ্দীন মিলন, কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য হাফিজুর রহমান লালু, আজমত আলী খান মনি, শাহারিয়া ইমন রুবেল, অঞ্জন কৃষ্ণ শীল শুভ, সানজান ইসলাম প্রেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুষ্টিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু পার্কটি কুষ্টিয়াবাসীর বিনোদন, স্বাস্থ্যচর্চা ও মানসিক প্রশান্তির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবার পার্কের প্রবেশ ফি বহন করতে হিমশিম খাচ্ছে। ফলে সাধারণ মানুষের জন্য পার্কে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা জরুরি বলে দাবি জানানো হয়।
এছাড়াও কর্মজীবী মানুষ সারাদিন কাজের ব্যস্ততায় স্বাস্থ্যচর্চার সুযোগ থেকে বঞ্চিত হন উল্লেখ করে সন্ধ্যাকালীন সাঁতারের ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, এ উদ্যোগ বাস্তবায়ন হলে যুবসমাজ সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হবে।
স্মারকলিপিতে কুষ্টিয়াবাসীর স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ শেষে পৌর প্রশাসক বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।