Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত করে স্কুল ক্যাম্পাসের ভেতরেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের নৈশপ্রহরী ওসমান গনি স্কুল চলাকালীন সময়েই নিয়মিত দোকান পরিচালনা করছেন বলে জানা গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রহস্যজনক নীরবতা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উজানগ্রামের বাসিন্দা ও বিদ্যালয়ের নৈশপ্রহরী ওসমান গনি বেশ কিছুদিন ধরে স্কুলের ভেতরে দোকান পরিচালনা করছেন। শিক্ষার্থীদের টিফিন ও প্রয়োজনীয় সামগ্রীর কথা বলে সেখানে বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুল চলাকালীন সময়ে যখন তার নিরাপত্তার দায়িত্ব পালনের কথা, তখন তিনি ব্যস্ত থাকছেন বেচাকেনায়।

    সততা স্টোর’ থেকে ব্যক্তিগত ব্যবসা

    অভিযোগ রয়েছে, প্রথমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে ‘সততা স্টোর’ নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কয়েক মাস না যেতেই সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে একই স্থানে নৈশপ্রহরী ওসমান গনি ব্যক্তিগতভাবে ব্যবসা শুরু করেন। এলাকাবাসীর দাবি, প্রধান শিক্ষকের প্রত্যক্ষ মদদেই এই দোকান পরিচালিত হচ্ছে।

    ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী

    বিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এ ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের অভিযোগ—এতে বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

    বিষয়টি প্রধান শিক্ষককে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

    ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে, এই ব্যবসার সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষেরও স্বার্থ জড়িত থাকতে পারে।

    এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি।

    স্থানীয়দের দাবি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

    Spread the love