
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নিচতলার স্টোররুমের টেবিলে থাকা কিছু বর্জ্য কাগজ পুড়ে যায়।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। অফিস ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা আগুনের বিষয়টি প্রথমে লক্ষ্য করেন। পরে নির্বাচন অফিসের নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, পরিকল্পিতভাবে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে নিরাপত্তা প্রহরী ও কর্মচারীদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টোররুমের পেছনের জানালার পাশ দিয়ে আগুন লাগানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অফিসের একটি টেবিলে রাখা কিছু বর্জ্য কাগজ পুড়ে গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।