
বিশেষ প্রতিনিধি ॥
স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক নতুন সময়–এর সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, প্রকৃত খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক, পেশাজীবী ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
‘বিচারহীনতার সংস্কৃতির অবসান হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এ নৃশংস হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়নি। মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাংবাদিক সমাজে তীব্র উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারহীনতার সংস্কৃতি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।
দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পথিকৃৎ–এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, একুশে টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসান, আয়না টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ এবং কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক রবিবার্তা–এর প্রকাশক ও সম্পাদক গোলাম মওলা, দৈনিক কুষ্টিয়ার খবর–এর ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক খবরওয়ালা–এর বার্তা সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, গ্রীন টিভির কুষ্টিয়া প্রতিনিধি জিয়ারুল ইসলাম, এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, দৈনিক মানবজমিন–এর জেলা প্রতিনিধি এ. জে. সুজন, দৈনিক সকাল বেলা–এর কুষ্টিয়া প্রতিনিধি আকরামুজ্জামান আরিফ, দৈনিক মানবকণ্ঠ–এর কুষ্টিয়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস, আপডেট কুষ্টিয়ার অর্পণ মাহমুদ, দৈনিক কুষ্টিয়া বার্তা–এর ভারপ্রাপ্ত সম্পাদক লাল্টু আহমেদসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। বৃষ্টি উপেক্ষা করে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ৩ জুলাই নিখোঁজ হন এবং ৭ জুলাই কুষ্টিয়া কুমারখালী গড়াই নদী থেকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মৃতদেহ উদ্ধার করা হয়।