Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া মিরপুরে ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি ও দাবায় উপজেলা পর্যায়ে প্রথম এবং হ্যান্ডবলে দ্বিতীয় হওয়া মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খেলোয়াড়দের মাঝে জার্সি উপহার দিয়েছেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী।

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের মাঝে এসব জার্সি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসেন মোবারক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান, ক্রীড়া শিক্ষক কোহিনুর ইসলাম চন্দন, সাংবাদিক সাইদুর রহমান ও মনিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে আফরোজ শাহীন খসরু বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, ধৈর্য, শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তি গড়ে তোলার অন্যতম মাধ্যম। খেলায় জয়-পরাজয় থাকবেই। তবে ক্রীড়াসুলভ মনোভাব ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধা একজন প্রকৃত খেলোয়াড়ের বড় পরিচয়।

তিনি আরও বলেন, কোনো সাফল্য রাতারাতি আসে না। এর পেছনে থাকে কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও অদম্য ইচ্ছাশক্তি। জার্সি গায়ে মাঠে নামার পর খেলোয়াড়রা নিজেদের দল, প্রতিষ্ঠান ও এলাকার প্রতিনিধিত্ব করে। তাই মাঠের ভেতরে ও বাইরে তাদের আচরণ যেন অনুকরণীয় হয়।

তিনি খেলোয়াড়দের সুন্দর খেলা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।