
মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি অপেক্ষাগার উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অপেক্ষাগারটির উদ্বোধন করেন মিরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মাহফুজ রানা।
অপেক্ষাগারটিতে সেবাগ্রহীতা সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে নিরাপদে মাতৃদুগ্ধ পান করানোর ব্যবস্থা, সুপেয় পানির সুব্যবস্থা, নামাজ আদায়ের স্থান, বই পড়ার সুযোগ এবং আরামদায়ক ও প্রশস্ত বসার ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাব-রেজিস্ট্রার মো. মাহফুজ রানা বলেন, “অফিসে সেবা নিতে আসা মানুষ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন এবং তাঁরা যেন একটি সম্মানজনক পরিবেশ পান, সেটিই আমাদের মূল লক্ষ্য। এই অপেক্ষাগারটি সাধারণ মানুষের সেবায় আমাদের একটি ছোট্ট প্রয়াস মাত্র।”
উদ্যোগটির সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন সাব-রেজিস্ট্রার মো. মাহফুজ রানা। এ কাজে সহযোগিতা করেছে স্বনামধন্য সামাজিক ও দাতব্য সংস্থা আস-সাদাকাহ ফাউন্ডেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সাধারণ সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে নেওয়া এই জনকল্যাণমূলক উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।