
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এ উপলক্ষে নেতাকর্মীরা সমবেত হন। পরে আনন্দ র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং সংরক্ষিত নারী আসন (কুষ্টিয়া-১, ২ ও ৩)-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল ও বাউল দলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
র্যালিতে নেতাকর্মীরা ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘আপসহীন নেত্রী খালেদা জিয়া, লও লও লও সালাম’, ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের মানুষের প্রতি দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
এর আগে আনন্দ র্যালিতে যোগ দিতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দলে দলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।