
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, মিরপুর, কুষ্টিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যুবকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল ও সচেতন করে গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুবসমাজকে শুধু গাছ লাগানোই নয়, বরং সেগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
পরে অনুষ্ঠানের অতিথিরা উপস্থিত যুবকদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।