
কুষ্টিয়া প্রতিনিধি:
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুষ্টিয়া জেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয়লাস প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল-এর সঞ্চালনায় সমাবেশে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের গণতন্ত্র, শান্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল ও এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।