Pathikrit Most Popular Online NewsPaper

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদ:

    কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত সাপের কামড়ে জান্নাতুল ফেরদৌস সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামে নিজ বাড়ির বাথরুমের সামনে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাগরিকা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত জান্নাতুল ফেরদৌস সাগরিকা ঠোটারপাড়া গ্রামের মো. নুরে আলম জিকুর স্ত্রী। তার বাবার নাম জালাল উদ্দিন।

    পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাগরিকা বাথরুমের সামনে গেলে সেখানে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্বজনরা দ্রুত তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। তবে সাপের বিষক্রিয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

    হঠাৎ সাপের কামড়ে সাগরিকার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বাড়ির আশপাশ, বাথরুম, রান্নাঘর, গোয়ালঘর ও ঝোপঝাড়ে সাপের উপদ্রব বাড়ে। এ সময় বিশেষ করে রাতে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তারা। একই সঙ্গে সাপে কামড় দিলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা।

    এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।