
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজ উর রহমান মাহফুজের পিতা, কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিমের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
গত ২৮ জুন নিজ গ্রাম কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর মধ্যপাড়া জামে মসজিদে নামাজ আদায়রত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে একই দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৭ জুলাই) বাদ জোহর দুপুর ২টায় ধলনগর মধ্যপাড়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রয়াত আব্দুর রহিমকে শেষ শ্রদ্ধা জানাতে এলাকার সর্বস্তরের মানুষ, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত হন। জানাজায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বাবু, দৈনিক দর্পণ পত্রিকার সম্পাদক মুজিবুল শেখ, ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন।
উল্লেখ্য, কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামের মরহুম ফকির মোহাম্মদ শেখের পুত্র আব্দুর রহিম দীর্ঘদিন কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পাশাপাশি তিনি ধলনগর মধ্যপাড়া জামে মসজিদ ও গোরস্থানের সাধারণ সম্পাদক হিসেবে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এলাকাবাসী বলেন, আব্দুর রহিম একজন সৎ, ন্যায়পরায়ণ, ধর্মপ্রাণ ও সদালাপী মানুষ ছিলেন। শিক্ষক হিসেবে তিনি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। মসজিদের ইমাম বলেন, তিনি নিয়মিত জামাতে সালাত আদায় করতেন এবং মসজিদের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন।
তার মৃত্যুতে এলাকাবাসী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ দোয়াও করেন তারা।