Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উদ্যোগে বুধবার (১০ জুন) কুমারখালীর স্থানীয় বাঁধবাজার ফুটবল মাঠে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

    প্রতিযোগিতায় বাঁধবাজার যুব স্পোর্টিং ক্লাব এবং কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব অংশগ্রহণ করে। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় উভয় দলই তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে। ম্যাচে কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব ৫-৩ গোলের ব্যবধানে বাঁধবাজার যুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

    খেলা উপভোগ করতে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন। তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

    খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় উপপরিচালক মো. আসলাম হোসেন মাদকের কুফল, সামাজিক ক্ষতি এবং সুস্থ সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সমাপনী বক্তব্য প্রদান করেন।

    বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।

    এসময় উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    Spread the love