Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান এবং অসহায় মানুষের মাঝে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ মন্ডল।

    এসময় পলাশ মন্ডল বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বরাদ্দকৃত অর্থ যাতে যথাযথ খাতে ব্যয় হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করছি।”

    কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে নেওয়া বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরকারের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। আমি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের জন্য আমার দপ্তরের দরজা উন্মুক্ত রেখেছি। মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

    তিনি আরও বলেন, “জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

    অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়।

    Spread the love