
নিজস্ব প্রতিবেদকঃ
ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, ৩০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কুষ্টিয়া মডেল থানার সামনে “ধর্ষণ ও মাদকমুক্ত সমাজ চাই” ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণ করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী শাহারিয়া ইমন রুবেল। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন এবং মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। বিচারহীনতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে স্বল্প সময়ের মধ্যে বিচার সম্পন্ন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ মামলার দ্রুত তদন্ত সম্পন্ন, ৩০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করা, নারী ও শিশু নিরাপত্তায় কঠোর নজরদারি বৃদ্ধি এবং ধর্ষকদের সামাজিকভাবে চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অভিযান পরিচালনা এবং মাদকের সাথে জড়িত অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, জুলাই যুদ্ধ সংসদ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম বাপ্পি, সদস্য সচিব মোহাম্মদ নাজমুস সাকিব, যুগ্ন আহবায়ক খন্দকার সোহেল টানু, মোহাম্মদ মোস্তফা শিকদার, মুখ্য সংগঠক ওমর ফারুক, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাস হোসেন, কুমারখালী উপজেলা আহত জুলাই যোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক আবু হানিফ, সমাজকর্মী প্রকৌশলী জুয়েল রানা, সাংবাদিক শাহারিয়ার ইমরান, স্কুল ছাত্র রাদ্বিয়া নূর ত্বাহা, উম্মে সাদিয়া, হাদীয়া নূর রিদাসহ স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।