
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে ত্রিশাল-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের মাধ্যমে। ঢাকার মিরপুরে নিষ্পাপ শিশু রামিসার নির্মম মৃত্যু সেই মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রমাণ।”
তিনি বলেন, “শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে আগামী এক মাসের মধ্যেই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।”
তিনি আরও বলেন, “যাতে ভবিষ্যতে কেউ শিশু বা নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ করার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দেশের ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করতে হবে। এ ক্ষেত্রে কবি নজরুলের জীবন ও কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক।”
রামিসা হত্যাকাণ্ডের পর গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার পল্লবীতে রামিসার বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবার—বিশেষ করে বাবা ও বড় বোনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
কবির বাল্যস্মৃতিবিজড়িত দরিরামপুরের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় জন্মবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংস্কৃতি সচিব কানিজ মওলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিখ মনজুর, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং জেলা প্রশাসক সাইফুর রহমানসহ অন্যান্যরা।