
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মধ্যপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়া পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. রীনা নাসরীনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেন সংরক্ষিত নারী কাউন্সিলর রীনা নাসরীন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন এবং বিভিন্ন সময়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
এজাহার অনুযায়ী, অভিযোগ দায়েরের পরদিন সকাল সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাঁর পথরোধ করেন। এরপর তাঁকে মারধর, গলা চেপে হত্যাচেষ্টা এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় লাঠি দিয়ে আঘাত করা হয়। এছাড়া তাঁর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ভাঙচুর এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, “এজাহার পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।”