
ইবি থানা প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর এলাকায় দিনে দুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে এক ভ্যানচালকের ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে ভ্যান ছিনতাইয়ের অভিযোগটি সঠিক নয় বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন ভুক্তভোগী ভ্যানচালক বিটু। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার জোড়াদহ গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী বিটুর দাবি, জোড়াদহ বাজার থেকে এক ব্যক্তি তার ভ্যান ভাড়া করেন। হরিণাকুন্ডু এলাকায় একটি সোফা সেট পৌঁছে দেওয়ার কথা বলে ভাড়া হিসেবে ৫০০ টাকা দাবি করা হলে ওই ব্যক্তি ৪০০ টাকায় যেতে রাজি হন। পরে তাকে নিয়ে কুষ্টিয়ার দিকে রওনা দেন বিটু।বিটু বলেন, “মধুপুর স্ট্যান্ড পার হওয়ার পর ওই ব্যক্তি হঠাৎ অস্ত্র বের করে আমাকে ভয় দেখান। জীবননাশের হুমকি দিয়ে আমার ভ্যানটি নিয়ে চলে যান।”
ঘটনার পর বিষয়টি ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে দাবি করেন ভুক্তভোগী।
তবে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ এস এম মামুনুর রশীদ বলেন, “অস্ত্র দেখিয়ে ভ্যান ছিনতাইয়ের বিষয়টি সঠিক নয়।”
এ ঘটনায় ভ্যানচালকের দাবির সঙ্গে পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে প্রকৃত ঘটনা কী, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।