Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

একুশে পদকপ্রাপ্ত কবি ও গীতিকার আজিজুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় কুষ্টিয়ার হাটশ হরিপুরে কবি আজিজুর রহমানের নিজ বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কুষ্টিয়ার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাসাস নেতা শাহনেওয়াজ আরেফীন পাপ্পুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে বক্তারা কবি আজিজুর রহমানের জীবন, সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবি আজিজুর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক জীবন তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন। এ সময় সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কবি ও গীতিকার আজিজুর রহমান ১৯১৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকে ভূষিত হন।