
মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুত করা ৫০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এক ব্যবসায়ীর শ্বশুরবাড়ি এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী ব্রাদার্সে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বহলবাড়ীয়া ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারা অনুযায়ী অবৈধভাবে সার মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর শ্বশুরবাড়ি থেকে ৫০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। অন্যদিকে, নিয়মবহির্ভূতভাবে আব্দুর রাজ্জাকের কাছে সার বিক্রির দায়ে মেসার্স চৌধুরী ব্রাদার্সের প্রতিনিধি তারিকুজ্জামানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান এবং পুলিশ ও আনসার সদস্যরা।
জব্দ করা সার সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে বিসিআইসি ডিলারের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের সার নিয়ে কৃত্রিম সংকটে ফেলা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি কিংবা অবৈধ মজুতের মাধ্যমে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে।