
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি, আশরাফুল আলমঃ
ঝিনাইদহের শৈলকুপায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের পথ দখল করে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে ১৩২ জন শিক্ষার্থী এবং ২১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। বিদ্যালয় প্রতিষ্ঠার সময় পার্শ্ববর্তী জমির মালিক মান্নান মোল্লার সঙ্গে যাতায়াতের পথ ব্যবহারের বিষয়ে মৌখিক সমঝোতা হয়। ওই সমঝোতার ভিত্তিতেই বিদ্যালয়ের ভবন নির্মাণ ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিন পর হঠাৎ করে বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের পথ বন্ধ করে সেখানে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার দিবাগত রাতে ঘর নির্মাণের কার্যক্রম শুরু হলে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ বলেন, “বিদ্যালয় প্রতিষ্ঠার সময় যাতায়াতের পথ ব্যবহারের বিষয়ে স্থানীয়ভাবে সমঝোতা করা হয়েছিল। বর্তমানে সেই পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় আমরা বিকল্প সমাধান হিসেবে জমি সমন্বয়ের প্রস্তাবও দিয়েছি। কিন্তু তাতেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথটি বন্ধ হয়ে গেলে তাদের বিদ্যালয়ে যাতায়াত ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। তাই বিষয়টির দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত মান্নান মোল্লার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিষয়টির দ্রুত ও ন্যায়সংগত সমাধান প্রয়োজন। বিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, “বিষয়টি নিয়ে আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিত আবেদন দিতে বলেছি। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।”