
কুষ্টিয়া, ২১ এপ্রিল ২০২৬:
কুষ্টিয়া সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন” বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) আব্দুস সবুর, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন (পিপিএম, বার) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপুসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।