
গোপন ক্যামেরায় নেওয়া ছবি
নিজস্ব প্রতিবেদকঃ
মেডিকেলের বিভিন্ন কাগজপত্র জাল করে ভারতীয় হাই কমিশনে জমা দেওয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার স্বপন কান্তি শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি জাল নথিপত্র ব্যবহার করে ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করেন। এতে ভুক্তভোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রতারণার শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী গত ২৫ ফেব্রুয়ারি রাজশাহীতে সহকারী ভারতীয় হাই কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে পাসপোর্ট নম্বর, আবেদন নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করা হয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ভিসা করে দেওয়ার কথা বলে ৮ হাজার টাকা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, স্বপন কান্তি শর্মা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা আবেদন সংক্রান্ত কাজ করে আসছেন। তিনি কুষ্টিয়া শহরের এনএস রোডে রতন ক্লিনিকের পাশে একটি দোকানে ভিসা প্রসেসিং কার্যক্রম পরিচালনা করেন।
অভিযোগে আরও বলা হয়, তিনি ভিসা আবেদনের সঙ্গে জাল মেডিকেল কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।
বিশেষ করে ক্যান্সার, কিডনি ও শিশু রোগীদের মেডিকেল ভিসা সহজ হওয়ার সুযোগ দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বপন কান্তি শর্মা বলেন, “একটি ভিসা প্রসেসিং করতে ২ হাজার টাকার বেশি খরচ হয়। আমি একজন ক্যান্সার রোগীসহ ৪ জনের ভিসা প্রসেসিংয়ের জন্য ৮ হাজার টাকা নিয়েছি।” তিনি মেডিকেল কাগজপত্র জাল করার অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী।