
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করে প্রায় ২৬ লাখ ৪৭ হাজার ৭৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজিপুর, জামালপুর ও ধর্মদাহ বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ফেলে রাখা বিপুল পরিমাণ ভেষজ, ভারতীয় মদ, গাঁজা, স্কাফ সিরাপ, ভায়াগ্রা, ডেক্সামেথাসন ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেটসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করেন।
কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডারপাড়া মাঠ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা ১১৪ কেজি অশ্বগন্ধা শিকড় উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
অপরদিকে জামালপুর বিওপির অভিযানে জয়পুর মাঠপাড়া এলাকা থেকে ২৮ বোতল ভারতীয় মদ, ৯০০ গ্রাম গাঁজা, ১৯ বোতল স্কাফ সিরাপ, ১ হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেট, ২ হাজার ৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৮৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা।
এছাড়া ৩০ জুন ধর্মদাহ বিওপির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এ চালানের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২৯ হাজার ৩২৫ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি দিন-রাত নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।