Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ আদেশ দেন।

    এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। গত ১৩ এপ্রিল এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে।

    নোটিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দিতে গিয়ে এমপি আমির হামজা অভিযোগ করেন, বর্তমান জেলা প্রশাসক বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

    আইনি নোটিশে বলা হয়, এ ধরনের বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তিনি কার কাছে এবং কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ওই অর্থ লেনদেন হয়েছে—তা প্রকাশ করার জন্য বলা হয়।

    এ বিষয়ে আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন গুরুতর অভিযোগ প্রমাণসহ উপস্থাপন করা প্রয়োজন। অন্যথায় এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং প্রশাসনের প্রতি আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে।

    তবে এ বিষয়ে মুফতি আমির হামজা-র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    Spread the love