
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানসংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহসংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে শাহবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।