
কুষ্টিয়া প্রতিনিধি, আশরাফুল আলম:
কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর পিলারে বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে পড়ে রাকিবুজ্জামান রকি (৩২) নামে এক ছাত্রদল নেতা নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। একই ঘটনায় নদীতে পড়ে যাওয়া আরও দুজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব।স্থানীয় প্রশাসন ও নৌভ্রমণে অংশ নেওয়া যাত্রীদের সূত্রে জানা গেছে, শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল বাল্কহেডে করে নৌভ্রমণে বের হয়। ভেড়ামারার গোলাপনগর এলাকা ঘুরে ফেরার পথে রাত ৯টার দিকে বাল্কহেডটি হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছায়। এ সময় তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডটি সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে তিনজন নদীতে পড়ে যান।
পরে অন্য যাত্রীরা লিটন ও ওহাব নামে দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তাঁরা সুস্থ আছেন। তবে রাকিবুজ্জামান এখনো নিখোঁজ রয়েছেন।ঘটনার পর ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্য এবং নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
রাকিবুজ্জামানের বন্ধু আনিসুজ্জামান বলেন, “রাকিবুজ্জামান যখন নৌকা থেকে পড়ে যায়, আমি তাঁকে ধরতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্তি-সামর্থ্যবান ছেলে। সাঁতারে যথেষ্ট দক্ষতা আছে। আশা করছি, সে ফিরে আসবে।”
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, নৌপুলিশ, ফায়ার সার্ভিসসহ কয়েকটি ইউনিট রাকিবুজ্জামানকে উদ্ধারে কাজ করছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত সময়ের কাগজকে বলেন, রাতে উদ্ধারকাজ কিছুটা কঠিন ছিল। রাকিবুজ্জামানকে উদ্ধারে বিভিন্ন ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।